
আহ্বান নিউজ:
যশোরে পৃথক ঘটনায় ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শহরের খোলাডাঙ্গা, সদর উপজেলার বাগডাঙ্গা খামারপাড়া, ঝুমঝুমপুর ও জেলা জজ আদালতের বাংলোর সামনের সড়কে এসব ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোলাডাঙ্গায় পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মানিক গাজী (৩৮) ও রুনা (৩০)কে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহিদুল গাজী, ইমাম গাজী ও রুনুকে অভিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, সদর উপজেলার বাগডাঙ্গা খামারপাড়ায় মেয়েঘটিত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে সাগর হোসেন (৩৫)কে ধারালো দা দিয়ে হাতে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শুকুর আলীর (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বাংলোর সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিদের হামলায় তাসমীদ ইসলাম রূপ (২৬) নামে এক যুবক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর বিকেল ৫টার দিকে তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন।
এ ছাড়া শহরের ঝুমঝুমপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ইয়াকুব (৫৬) ও তার স্ত্রী জুলিয়া (৩৫)কে কিল-ঘুষি ও কাঠের লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ইয়াকুব ও জুলিয়া অভিযুক্তদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।