
আহ্বান নিউজ:
যশোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুলতান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে যশোরের পুলেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান যশোর শহরের তপসীডাঙ্গা এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সুলতান বাইসাইকেলযোগে পুলেরহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি অজ্ঞাতনামা বাস পেছন থেকে তাঁর বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পান। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নেওয়ার পথে হাসপাতালের সামনেই অ্যাম্বুলেন্সের মধ্যে তাঁর মৃত্যু হয়।
পরে স্বজনরা মরদেহ হাসপাতালে না এনে বাড়িতে নিয়ে যান বলে জানা গেছে। নিহতের ছেলে রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এপ্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ঘটনা শুনেছি এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।