
আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় ফলবোঝাই আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোলায়মান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ফরহাদ (১৭) ও তানজিম (১৪) নামে আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ইউনিয়নের বালুগর্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের নুর হোসেনের ছেলে। আহত ফরহাদ একই এলাকার আব্দুল কাদেরের ছেলে এবং তানজিম জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে তিন কিশোর একটি মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ফলবোঝাই আলমসাধুর (যশোর-ল-১৭৭২৮৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোলায়মানের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর আলমসাধুর চালক পালিয়ে যান। এ সময় সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরে তা স্বাভাবিক হয়। নিহতের মরদেহ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।