
আহ্বান নিউজ:
যশোরে পূর্বশত্রুতার জেরে পৃথক ঘটনায় দুই যুবককে মারধর ও ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে শহরের রেলগেট চোরমারা দিঘীরপাড় এলাকায় এবং শুক্রবার (২ অক্টোবর) সকালে ঝুমঝুমপুর টেকনিক্যাল কলেজের পেছনে এ দুটি ঘটনা ঘটে।
আহতরা হলেন শহরের রেলগেট চোরমারা দিঘীরপাড় এলাকার পলু খার ছেলে জীবন খা (২৪) এবং সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর কলোনির বাস্তুহারাপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে শুকুর আলী (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পূর্বশত্রুতার জেরে কুদরত (৩২),নাদিম (২৬), জানু (৫০)সহ কয়েকজন জীবন খার ওপর হামলা চালান। এ সময় তারা হকিস্টিক ও লোহার পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ঝুমঝুমপুর টেকনিক্যাল কলেজের পেছনে শুকুর আলীকে একা পেয়ে পূর্বশত্রুতার জেরে একই এলাকার নাসির (২৬) চাকু দিয়ে তার বাম হাতে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শুকুর আলী নিজেই হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পৃথক ঘটনায় আহত দুই যুবকের অবস্থাই আশঙ্কামুক্ত।