
আহ্বান নিউজ:
যশোরে পৃথক অভিযানে ১২ পিস ইয়াবা ও চার কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের রেলগেট এলাকায় এবং বৃহস্পতিবার ভোরে যশোর-বেনাপোল সড়কের নতুন হাট বাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।
আটক ইমন হোসেন শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার মালেকের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুর রব ওরফে বাবুর ছেলে। রেলগেট সংলগ্ন শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে ইয়াবা বেচাকেনার সময় তাকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, ডিবি পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ রাকিব হাসান ও বকুল হাসানকে আটক করা হয়। রাকিব সদর উপজেলার চাঁচড়া বেড়বাড়ি গ্রামের হযরত আলীর ছেলে এবং বকুল শার্শার যাদবপুর গ্রামের মৃত বদরুদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন হাট বাজার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বহন করা ব্যাগ থেকে দুই কেজি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক গাঁজাসহ আটক দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।