
আহবান নিউজ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ প্রকাশ করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আটটি অনুষদের ৩৮টি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা এই হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন ও একাডেমিক কার্যক্রম সহজ করতে হ্যান্ডবুকটি তৈরি করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও অর্জন, বিভিন্ন অফিস-দপ্তর ও বিভাগের পরিচিতি, সিটিজেন চার্টার, একাডেমিক ক্যালেন্ডার ও অর্ডিন্যান্স, পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি, লাইব্রেরি ও ল্যাব ব্যবহারের নীতিমালা, বৃত্তি ও আর্থিক সহায়তা, হল ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা বিধিসহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। হ্যান্ডবুকটি শিক্ষার্থীদের সময় বাঁচানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব করতে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেবা, করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রাথমিক ধারণা পাবে এই হ্যান্ডবুকের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিগগিরই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডবুকের প্রিন্ট কপি বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন।