
আহবান নিউজ২৪ :
যশোর জেলা যুবদলের বহিস্কৃত নেতা এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে কোতয়ালি থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে ২৫(১)/২৫(২)/২৬/২৭ ধারায় মামলা দুটি রুজু করা হয়।
মামলা দু’টির বাদী হলেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এ কে আজাদ তমাল এবং সদস্য সচিব আনছারুল হক। আসামি হিসেবে এস্কেন্দার আলী জনিসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে উল্লেখ করা হয়েছে। জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, এস্কেন্দার আলী জনি পূর্বে যুবদলের সাথে সম্পৃক্ত থাকলেও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দল থেকে বহিষ্কৃত হন। বহিষ্কারের পর তিনি দলীয় নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা ও অপপ্রচার চালিয়ে আসছেন। তিনি নিজের নামে ফেসবুক আইডি ছাড়াও একাধিক ভুয়া আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছেন।
বাদী এ কে আজাদ তমাল অভিযোগ করেন, গত ১ এপ্রিল সকাল ১১টা ৩৩ মিনিটে তিনি তার বাড়িতে অবস্থানকালে ফেসবুকে দেখতে পান, জনি তার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য লাইভে প্রচার করেছেন। এছাড়া জনি ও তার সহযোগীরা ভুয়া আইডির মাধ্যমে তাকে ব্ল্যাকমেইল করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন এবং জীবননাশের হুমকিও দিয়েছেন।
এ সংক্রান্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা শেষে তারা থানায় মামলা দায়ের করেন। অপর মামলায় সদস্য সচিব আনছারুল হকও একই ধরনের অভিযোগ এনেছেন।