
আহবান নিউজ২৪ :
যশোর শহরের দড়াটানা এলাকা থেকে গভীর রাতে অভিযান চালিয়ে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—সিটি কলেজপাড়ার আকাশ শেখ, পূর্ব বারান্দীপাড়ার বিপ্লব হোসেন এবং খড়কী কলাবাগান এলাকার হৃদয় মোল্লা ওরফে শান্ত।
কোতয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গৃহবধূ লাকি বেগমের বাড়িতে স্বামী অনুপস্থিত থাকার সুযোগে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রবেশ করে। তারা চাঁদা হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ভুক্তভোগীকে মারধর করে এবং নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়।
এসময় তারা লাকি বেগমকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কোতয়ালি থানায় চিহ্নিত আসামিসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
উক্ত মামলার সাথে গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে।