আহবান নিউজ:
যশোরের চৌগাছায় ঘাসপোড়া বিষ খেয়ে রিপন হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের রায়নগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দুপুরে রিপন নিজ গ্রামের দাড়িয়ার পাড় এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে ঘাসপোড়া বিষ পান করেন। অসুস্থ অবস্থায় ভাই মিটো হোসেন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর সোমবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রিপন দীর্ঘদিন ধরে পেট ও লিভারজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসায় উন্নতি না হওয়ায় হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।