
আহবান প্রতিবেদক :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে পূর্ব শত্রুতার জেরে রেজাউল ইসলাম বাবু (৬০) নামে এক বৃদ্ধকে ইট দিয়ে আঘাত করে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত রেজাউল ইসলাম বাবু মৃত কাদের শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে রেজাউল ইসলাম বাবু বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের মিজানুর রহমান দুলু (৫৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও বৌমা পারুল বেগম (৩৮) পূর্ব শত্রুতার জেরে তার মুখে ইট ছুড়ে আঘাত করেন। এতে তার দুটি দাঁত ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভিকটিমের পরিবার।