আহবান প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছা উপজেলায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তল, ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়ায় এ অভিযান চালানো হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু হাসানের নেতৃত্বে তিনি নিজে এ অভিযান পরিচালনা করেন। এ সময় সোহাগের হাঁসের খামার থেকে ইউনুস আলী (৩০), মাহাবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চারজনকে আটক করা হয়।
অভিযানে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিং জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়ারলেস সেট, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরা, মুখোশ ও টর্চলাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি নূর মোহাম্মদ গাজী আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহাগসহ আরও কয়েকজন পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।