• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে দুর্গাপূজা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার – এসপি 

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে যশোরের ৭০৬টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। তিনি বলেন, ‘কেউ অপপ্রচার বা গুজব ছড়ানোর চেষ্টা করলে কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এলে, আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এসপি।
তিনি জানান, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে। পাশাপাশি মাঠে থাকবে ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোটরসাইকেল টিম। চলবে নিয়মিত তল্লাশি। পূজা উদ্‌যাপন পরিষদ ও পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে।
এসপি রওনক জাহান বলেন, অনেক সময় ছোটখাটো ঘটনাও ধর্মীয় বিষয়ে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে গুজবে রূপ নেয়। এসব ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম ২৪ ঘণ্টা মাঠে থাকবে।
নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, পূজামণ্ডপগুলোকে তিন স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি উপজেলায় অন্তত একটি মন্দিরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সদর উপজেলায় পাঁচটি পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে মানুষের সমাগম বেশি হয়। এ ছাড়া সরকারি নির্দেশনা মেনে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্বচ্ছলদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েও এ ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
একই সঙ্গে এসপি মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, মাদক রুখতে পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
সভায় সাম্প্রতিক সময়ে যশোর পুলিশের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে ছিল মনিরামপুরে বাবার হাতে মেয়েকে হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তার, ডাকাত ও ছিনতাইকারী আটক, মালামাল উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি ধরার অগ্রগতি।
এসপি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সহিংসতার অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে। অপরাধীর ধর্ম বা বর্ণ বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবার প্রতি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা ও ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজুর রহমান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd