
আহ্বান নিউজ:
বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৭ উদযাপন উপলক্ষে যশোরে আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার বাদ আছর যশোর টাউন হল মাঠে এ জলছার আয়োজন করেছে খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, যশোর জেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রেসক্লাব যশোরের সভাপতি ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মীপ্রধান, আলহাজ্ব জাহিদ হাসান টুকুনের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যশোর সাংগঠনিক বিভাগের কর্মীপ্রধান আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির, যশোর জেলা সহকারী কর্মীপ্রধান মো. আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা কর্মীপ্রধান আলহাজ্ব এইচ.এম. আবুল বাশার, বাঘারপাড়া উপজেলা কর্মীপ্রধান মো. মোসলেম আলী মোল্লা, কেশবপুর উপজেলা কর্মীপ্রধান মো. আব্দুর রহিম সানা, রাজগঞ্জ-মণিরামপুর সাংগঠনিক উপজেলা কর্মীপ্রধান মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক পর্যায়ের নেতৃবৃন্দের।
জলছায় সভাপতিত্ব করবেন মো. মজিবর রহমান। এতে ওয়াজ ও ধর্মীয় আলোচনা করবেন আলহাজ্ব মাওলানা হাসান সিরাজী, মুফতি মাওলানা আবিদ হাসান বুলবুলী, মাওলানা আল আলামিন জিহাদী ও মাওলানা শামীম রেজাসহ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম এবং অন্যান্য ওলামায়ে কেরাম।
আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিক চেতনা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের প্রতি ভালোবাসা জাগ্রত করার উদ্দেশ্যে এ জলছার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকল জাকেরান-আশেকান ও শান্তিকামী ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের দলে দলে যোগদানের আহ্বান জানিয়েছেন তাঁরা।