
আহ্বান নিউজ:
যশোরে পৃথক অভিযানে ইয়াবাসহ আটজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ইয়াবা রাখা ও সেবনের অভিযোগে চারজনকে এক মাস থেকে এক মাস ১০ দিন পর্যন্ত সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ শহরের চাঁচড়া সবজিবাগ এলাকা থেকে রাজু আহমেদ (২০) ও কামাল হোসেনকে (২০) আটক করেন। তাঁদের কাছ থেকে দুই পিস ইয়াবা জব্দ করা হয়। শনিবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম ঝুমঝুমপুর মসজিদ বাজার এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে বাবু (৩০) ও জনি (২৮) নামে দুজনকে হেফাজতে নেন। স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তাঁদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে এক মাস ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগের আদেশ দেওয়া হয়।
এদিকে, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে যশোরের চাঁনপাড়া, বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন ঝন্টু, মোস্তফা বেপারি, শাহিন হোসেন ও রুবেল হোসেন। তাঁদের কাছ থেকে মোট ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।