
প্রেস বিজ্ঞপ্তি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)।
এক বিবৃতিতে বিএজের সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য বড় হুমকি। এসব হামলা বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আগামীর সময় ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা আহত হন।
অন্যদিকে, রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা হামলা ও লাঞ্ছিত করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ করা হয়।
বিএজে নেতৃবৃন্দ হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তারা।