
আহ্বান নিউজ:
চোট, অসুস্থতা ও আর্থিক সংকটে থাকা ফুটবলারদের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিভিন্ন লিগে খেলার সুযোগ করে দিচ্ছে যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
সম্প্রতি যশোর জেলা অনূর্ধ্ব-১৭ দলের মিডফিল্ডার রেদওয়ানুল ইসলাম রুম্মন ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে হাসপাতালে ভর্তি হলে তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। একইভাবে গোলকিপার বিল্লাল হোসেনকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়ারি ক্লাবের হয়ে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।
সংগঠনটি বিভিন্ন ফুটবল একাডেমিতে ক্রীড়া সামগ্রী দেওয়া, স্থানীয় টুর্নামেন্টে দল গঠন এবং অসচ্ছল খেলোয়াড়দের উৎসবের সময় সহযোগিতা করে আসছে।
সভাপতি মহিবুল হাসান ইমন ও সাধারণ সম্পাদক মান্নাফ রাব্বির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইমন বলেন, ‘আমরা নিজেরাও খেলোয়াড় ছিলাম। তাই একজন খেলোয়াড়ের কষ্ট বুঝি। সামর্থ্য অনুযায়ী খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করছি।’
যশোর জেলা দলের কোচ আনোয়ার পারভেজ বলেন, চোট, অসুস্থতা ও আর্থিক সংকটে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ইতিবাচক। সুযোগ ও সহযোগিতা পেলে যশোরের আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে আসতে পারে।