
আহবান নিউজ :
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সংলগ্ন এলাকায় ব্লক করা পাসপোর্টধারী লাগেজ ব্যবসায়ী পার্টির সদস্যরা বিক্ষোভের চেষ্টা করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন সেখানে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একপর্যায়ে তারা পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাদের বাধা দেয়। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ বা বিশৃঙ্খলা না করার জন্য সতর্ক করে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কর্মকাণ্ডে উভয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তাদের আশ্বস্ত করা হয়।
পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে লাগেজ ব্যবসায়ী পার্টির সদস্যরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান। বর্তমানে পেট্রাপোল ইমিগ্রেশন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার পুলিশ।