আহবান নিউজ :
যশোরে ১৩ মামলার আসামি ‘চোর মানিক’ আটক
যশোর শহরের বেজপাড়ায় ফ্ল্যাটে গ্রিল কেটে চুরির ঘটনায় ১৩ মামলার আসামি পেশাদার চোর মেহেদী হাসান মানিক ওরফে ‘চোর মানিক সরদার’কে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে আনসার ক্যাম্পসংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ৪ আগস্ট রাতে বেজপাড়ার একটি ফ্ল্যাটে গ্রিল কেটে প্রায় ৭৫ হাজার টাকা, রুপা ও স্বর্ণের অলংকার এবং একটি ৫৬ ইঞ্চি টেলিভিশন চুরি হয়। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিককে শনাক্ত করা হয়। পরে তার কাছ থেকে চুরি যাওয়া টেলিভিশন, রুপার নূপুর ও ব্রেসলেট এবং স্বর্ণের কানের রিং উদ্ধার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।