আহবান নিউজ :
যশোরে পাওনা টাকা ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পৃথক ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) শহর ও মনিরামপুরে এসব ঘটনা ঘটে।

শহরের আরএন রোড নতুন বাজার এলাকায় রাত ৮টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রুবেল (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রুবেল ওই এলাকার হাসানের ছেলে। অভিযোগ অনুযায়ী, পাওনা টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে তার আপন ছোট ভাই নিপু (৩০) ও মামাতো ভাই আকাশ তাকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ১৫-২০টি আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা রুবেলকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, মনিরামপুর উপজেলার রহিতা ইউনিয়নের বাসুদেবপুর গাজীপাড়া এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে আরিফুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে বাড়িতে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সকাল থেকে তাকে আটকে রেখে লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ছাড়া একই ইউনিয়নের বাসুদেবপুরে দুপুরে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জামাল উদ্দিন (৩৫) আহত হয়েছেন। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির সময় সিদ্দিক হোসেন (৪০) দা দিয়ে তার মাথা ও পিঠে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় জামালকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পৃথক এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।