আহবান নিউজ :
যশোর শহরের শংকরপুরে বোনকে মারধরের প্রতিবাদ করায় সবুজ (৩২) নামে এক যুবককে ইট দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর বোনের দেবরের বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শংকরপুর বাস টার্মিনালের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত সবুজ শংকরপুর এলাকার সজিবের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, সবুজের বোনের স্বামী দেশের বাইরে থাকেন। এ সুযোগে তাঁর দেবর জুয়েল (২৬) নেশার টাকার জন্য প্রায়ই তাঁকে গালাগালি ও মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সবুজকে জানালে তিনি বোনের বাড়িতে যান। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে সবুজের মাথায় ইট দিয়ে আঘাত করেন।
এতে সবুজ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন।