
আহবান নিউজ :
যশোরে পৃথক হামলায় দুই যুবক আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেল ও রাতে কোতোয়ালি থানা এলাকায় এসব ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৫টার দিকে আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া পাকদিয়া এলাকায় কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন চুরির অভিযোগে রমজান হোসেন (২৩) নামে এক যুবককে মজিদ, শান্তসহ ৪-৫ জন মারধর করে আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
অন্যদিকে, রাত ৮টার দিকে শহরের নীলগঞ্জ ভিসা অফিসের গলিতে পূর্ব শত্রুতার জেরে আরাফাত (১৮) ও বরকতুল্লা (৩৬) নামে দুইজনকে হকি স্টিক ও রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে তাদের মোল্লাপাড়া শান্তি কমিটির কার্যালয়ে নিয়ে আবারও মারধর করা হয় বলে অভিযোগ।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। অভিযোগ অনুযায়ী, পিন্টু (৩০), মিন্টু (২৮)সহ ৫-৬ জন এ হামলায় জড়িত ছিলেন।
ঘটনাগুলো নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।