
আহবান নিউজ :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মো. রুবেল হোসেন (৩০) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত রুবেল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুল মাঠপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, রুবেলের দাবি, তিনি বিজিবির ইনফর্মার হিসেবে কাজ করতেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মহেশপুর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের গতিবিধির তথ্য সংগ্রহের সময় অজ্ঞাত ব্যক্তির ছোড়া গুলিতে তিনি বুকে গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।