
আহবান নিউজ :
খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতাররা হলেন মো. ইলিয়াস সরদার (৪২), মো. সুজন (৩৮) ও মো. নান্না বেপারি (৫৭)।
র্যাব জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতঘরে তল্লাশি চালিয়ে ইলিয়াস ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক যাচাইয়ে জানা গেছে, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে খুলনা, পিরোজপুর ও বরগুনাসহ বিভিন্ন জেলায় হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে গ্রেফতারদের উদ্ধারকৃত আলামতসহ খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।