
আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলার ধলদাহ গ্রামে রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে মারধরের শিকার এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হাম্মাম আলী (৬৮) উপজেলার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই সন্ধ্যায় ধলদাহ মসজিদ মোড়ের একটি চায়ের দোকানে বসে হাম্মাম আলী সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কথা বলছিলেন। এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনি ফরহাদ লাঠি দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ। গুরুতর আহত হাম্মাম আলীকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন আগে বাড়িতে ফিরে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।