
আহবান নিউজ :
যশোরে পৃথক দুটি হামলার ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার সাজিয়ালী এলাকার আমবটতলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফারুক হোসেন (৬০), তার মেয়ে লাকি আক্তার (৪০) ও সুফিয়া খাতুনকে (২১) হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে। অভিযুক্ত হারুন, রাকিব, মেহের আলীসহ ৪-৫ জন এ হামলা চালায় বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
এর আগে একই দিন দুপুরে ঝিকরগাছা উপজেলার মোহিনী কাটি গ্রামে পূর্ব বিরোধের জেরে আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, কথাকাটাকাটির একপর্যায়ে একই গ্রামের মিন্টু ধারালো দা দিয়ে তাকে আঘাত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, তার অবস্থাও আশঙ্কামুক্ত।