
আহবান নিউজ :
যশোর সদরের সুজলপুর এলাকায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে স্থানীয় নারীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে মমতাজ বেগম (৬২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়েছে।
অভিযোগে যশোর শহরতলীর খোলাডাঙ্গার সাহিদা ইয়াসমিন বলেন, গত ১৫ জুন দুপুরে সুজলপুর জামতলা মোড়ে মমতাজ বেগম নিজেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিচয় দিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা সংগ্রহের চেষ্টা করেন। তিনি দাবি করেন, ২০০ টাকা জমা দিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে এবং পরবর্তীতে সরকারি আর্থিক সহায়তা মিলবে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে তিনি বিভিন্ন ফরম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি প্রদর্শন করেন। তবে উপস্থিত এক নারীর সন্দেহ হলে বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে খবর দেন।
খবর পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য ঘটনাস্থলে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মমতাজ বেগমকে হেফাজতে নেয়।
পুলিশের দাবি, তার কাছ থেকে ৮টি ভিডব্লিউবি কার্ড, মহিলা উন্নয়ন সংগঠনের বিভিন্ন ফরম, কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,পাঁচ কপি রঙিন ছবি এবং নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় প্রতারণা অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে মমতাজ বেগমকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।