
আহবান নিউজ :
যশোরের ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া এলাকার বাবলুর রহমান (৫৫) এবং বড় আঁচড়া মাঠপাড়া এলাকার মো. নুরুজ্জামান (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার বেনেয়ালী বাজারস্থ শাপলা ব্রিকসের পূর্ব পাশে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কার তল্লাশি করে গাড়ির ড্যাশবোর্ড ও রানিং বোর্ডে বিশেষভাবে তৈরি গোপন বক্সের ভেতর লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কার, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।