
আহবান নিউজ ;
যশোর ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাবিবুর রহমান (৩৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমান জামালপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, প্রতিবেশী নুরুজ্জামান (৫০), আহাদ (২৪), তরিকুল ইসলাম (৪২) ও তাদের সহযোগী অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ধারালো দা দিয়ে হাবিবুর রহমানের মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।