
আহবান নিউজ :
যশোর বাঘারপাড়ায় বিভিন্ন মামলায় উদ্ধার হওয়া ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল টিম।
মঙ্গলবার (২ জুন) বিকেল আনুমানিক ৬টার দিকে যশোরের বাঘারপাড়া পৌরসভার একটি খোলা মাঠে এসব ককটেল সদৃশ বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাঘারপাড়া থানায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলার আলামত হিসেবে সংরক্ষিত মোট ২৪টি ককটেল সদৃশ বস্তু ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ঢাকার বোম্ব ডিসপোজাল টিমের ইন্সপেক্টর শংকর কুমার ঘোষের নেতৃত্বে একটি বিশেষ দল ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আলামতগুলো নিষ্ক্রিয় করে।
এ সময় এটিইউর সদস্যদের পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। নিরাপদ পরিবেশে ককটেল সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করায় এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।