• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

শহিদ জয়, যশোর :

যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে জমি দখল, প্রাণনাশের হুমকি ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নাজমুন নাহার মুক্তি। বুধবার (১৩ মে) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমুন নাহার মুক্তি অভিযোগ করেন, স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত হাদিউজ্জামান চিমা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘ প্রায় অর্ধযুগ ধরে তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিলেন।

তিনি বলেন,বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। পরে আদালতে মামলা দায়ের করা হলে চলমান মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট হাউজিং কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১০ মে হাউজিং কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে দখলকৃত জমি উচ্ছেদ করে দখলমুক্ত করে দেয়।

ভুক্তভোগীর দাবি, উচ্ছেদ অভিযান শেষে বিবাদীপক্ষের সদস্য সুমাইয়া পুতুল, স্বপ্না, রাশেদ ও মোল্লাপাড়ার পাপ্পুসহ কয়েকজন তার বড় সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নম্বর ১০৬২। এছাড়া পূর্বে তার বসতবাড়িতে বোমা হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় জিডি নম্বর ৭৭৬ দায়ের করা হয়েছিল বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। বর্তমানে বিভিন্ন মামলার কারণে তাদের অনেকেই পলাতক রয়েছে বলেও দাবি করেন তিনি। জমি দখলমুক্ত হওয়ার পরও অভিযুক্তরা পুনরায় জমি ঘিরে রেখে সেখানে অবস্থান করছে, যাতে তিনি ও তার পরিবার জমিতে প্রবেশ বা ভোগদখল বুঝে নিতে না পারেন।

এছাড়া জাল দলিল তৈরি করে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন নাজমুন নাহার মুক্তি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত, সম্পত্তির সুরক্ষা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাজমুন নাহার মুক্তির, বাবা মোঃ তোফায়েল আহমেদ, প্রতিবেশী সিরাজ খাঁ ও আব্দুল্লাহ আল আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd