আহবান নিউজ
যশোর পৌরসভার বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলা ট্যাংক রোড থেকে এম এম আলী রোড (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যশোর একটি প্রাচীন পৌরসভা হলেও এখানকার অনেক সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। তিনি জানান, সড়কগুলোর উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হবে। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন,“গত বর্ষার তুলনায় এবার পৌরবাসীর অন্তত ৫০ শতাংশ দুর্ভোগ কমবে। আমাদের পরিকল্পনা সফল হলে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান এবং বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান, ৩৫৫ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থের এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।