
আহবান নিউজ :
যশোরে পুলিশকে ছুরিকাঘাতে জখম করে আসামি ছিনতাইয়ের ঘটনায় দুইজনের বিরুদ্ধে যশোরের শার্শা থানায় একটি মামলা হয়েছে। রোববার শার্শা থানার এএসআই ফারুক হোসাইন বাদী হয়ে এ মামলা করেছেন।
আসামিরা হলো, দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিক মিয়া ওরফে রফির ছেলে রুবেল মিয়া ও আলাউদ্দিনের ছেলে রুহুল আমিন।
মামলার অভিযোগে জানা গেছে, শনিবার সন্ধ্যায় এসআই ফারুক হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে দক্ষিণ বুরুজবাগান গ্রামের জনৈক সেলিমের বাড়ির পিছনের অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কনস্টেবল আবুল হাসান আসামি রুবেল মিয়াকে ধরে ফেলেন। এ আসামি রুবেল মিয়াকে হাতকড়া পরানোর সময় কনস্টেবল আবুল হাসানের হাতে কামড় দেয় এবং পকেটে থাকা ছুরি বের করে তার কানে ও মুখে আঘাত করে। এর মধ্যে অপর আসামি রুহুল আমিন এসে কনস্টেবল আবুল হাসানকে মারপিট করে আসামি রুবেল মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। পলাতক রুবেল মিয়ার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ৪ মামলা বিচারধীন আছে।