প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ণ
যশোরে স্বপ্না রানী ঘোষের ওপর হামলা, স্বর্ণের চেইন ও টাকা লুট

আহবান নিউজ:
যশোর সদরের বীর নারায়নপুর এলাকায় পারিবারিক শত্রুতার জেরে স্বপ্না রানী ঘোষ (৫৫) নামে এক নারীকে পিটিয়ে আহত ও তার গলা থেকে স্বর্ণের চেইনসহ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সাতজনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, ২ নভেম্বর রাতে আনুমানিক সাড়ে ৮টার দিকে আসামি স্বরূপ ঘোষ (২৬), চিত্ত ঘোষ (৫৫), মোহন কুমার ঘোষ (৫৮), মদন ঘোষ (৫২), মীরা ঘোষ (৪৬), প্রভাতী ঘোষ (৪৭) ও সজিব ঘোষ (২৬) লাঠি, সোটা ও লোহার রডসহ স্বপ্না রানী ঘোষের বাড়িতে অনধিকার প্রবেশ করে।
১ ও ২ নম্বর আসামি তার শয়নকক্ষে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে চিত্ত ঘোষের নেতৃত্বে আসামিরা তাকে মারধর শুরু করে। লোহার রড ও লাঠির আঘাতে তিনি গুরুতর জখম হন।
অভিযোগে বলা হয়,হামলার সময় আসামি স্বপ্না রানী ঘোষ তার গলা থেকে ৯ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ টাকা) ও একটি স্যামসাং বাটন মোবাইল (মূল্য ২১০০ টাকা) ছিনিয়ে নেয়। এছাড়া মদন ঘোষ বিছানার নিচে রাখা ২২ হাজার ৫০০ টাকা চুরি করে নেয়।
আহত স্বপ্না রানী ঘোষ প্রাণ বাঁচাতে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা খুনজখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
এজাহারে তিনি উল্লেখ করেছেন, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫