প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি :
ফেসবুক লাইভে প্রকাশ্যে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা এবং পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)।
রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, দায়িত্বশীল পদে থেকে প্রকাশ্যে একটি সংবাদপত্র ছিঁড়ে ফেলা মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। কোনো সংবাদ বা বক্তব্যে আপত্তি থাকলে যুক্তি ও তথ্যের মাধ্যমে প্রতিবাদ জানানো কিংবা আইনি প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদপত্র ছিঁড়ে হুমকি প্রদর্শন কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না।
বিএজে নেতারা বলেন, মতের অমিলের জবাব দিতে হবে যুক্তি ও সত্য দিয়ে, সংবাদপত্র ছিঁড়ে নয়। তাঁরা এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫