প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
যশোর সীমান্তে ২৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২৬ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১০৯ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ১৪০টি শাড়ি, ৮৯টি কম্বল, ৭০টি চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, আধা কেজি জিরা, ২৮ প্যাকেট ফুসকা, ৫ কেজি কিসমিস, ৪৩ প্যাকেট কীটনাশক, ১৩৫টি চকলেট এবং ১ হাজার ১১৬টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
৪৯ বিজিবির বিশেষ টহলদল, মাসিলা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫