প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ

আহ্বান নিউজ:
জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকাল ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লংমার্চ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের সাত দফা দাবি আদায় এবং সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এ লংমার্চের আয়োজন করা হয়েছে। ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এ কর্মসূচিতে ১৯ জেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন। এতে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। লংমার্চের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হলেও অন্যটির ফলাফল অস্বীকার করা হচ্ছে। এতে রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের মাধ্যমে সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে পারে।
জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, এ আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত ও প্রায় ৪০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে এখনো দেশে-বিদেশে চিকিৎসাধীন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর অভিযোগ, হত্যা, সহিংসতা, রাজনৈতিক সংঘাত, টেন্ডারবাজি ও দখলদারিত্ব অব্যাহত রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষতা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
লংমার্চের প্রস্তুতি সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছে। জামায়াতের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঢাকা ও খুলনা রেঞ্জের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
তিনি জানান, লংমার্চের উদ্বোধনী সমাবেশ আগামীকাল সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে। এতে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সকাল ৮টায় ছয় শতাধিক গাড়ি নিয়ে মূল বহর যাত্রা শুরু করবে। পথে বিভিন্ন জেলা থেকে গাড়ি যুক্ত হয়ে বহরটি প্রায় দেড় হাজার গাড়িতে পরিণত হওয়ার প্রত্যাশা রয়েছে।
কর্মসূচির সূচি অনুযায়ী, শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সকাল ৯টায়, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে সকাল ১১টায়, খুলনা মহানগরীর বাবরী চত্বরে দুপুর সাড়ে ১২টায় এবং ফুলতলার স্বাধীনতা চত্বরে দুপুর ২টায় পথসভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড় এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভায় যোগ দেবে লংমার্চের বহর।
মহাসড়কে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির আশঙ্কা স্বীকার করে তিনি বলেন, কর্মসূচি চলাকালে যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্যে কিছুটা অসুবিধা হতে পারে। এ জন্য সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও দোকানদারদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি। জনদুর্ভোগ কমাতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে কর্মসূচি পরিচালনার চেষ্টা করা হবে বলেও জানান।
লংমার্চে অংশগ্রহণকারীদের ধৈর্য, সংযম ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য, স্লোগান কিংবা প্রতিপক্ষকে আঘাত করে এমন আচরণ করা যাবে না। নিরাপত্তা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক ও গণমাধ্যম টিম সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। দীর্ঘ যাত্রার জন্য খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার পাশাপাশি গাড়ির টোলের টাকাও প্রস্তুত রাখতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।
লংমার্চ সফল করতে দেশবাসী, রাজনৈতিক দল, প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন মিয়া গোলাম পরওয়ার।