প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪

আহ্বান নিউজ:
যশোরের চৌগাছা ও কোতোয়ালি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা (চন্দ্রপুর) গ্রামে সৈয়দ নামে এক ব্যক্তির বাড়ির সামনের পাকা সড়ক থেকে টিটো মিয়া ওরফে ঘ্যানা টিটো (৪১) এবং মাসুদুর রহমান (২৮) নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামে বাজারগামী কাঁচা সড়কে অভিযান চালিয়ে আবু সাঈদ (৪২) ও রুহুল আমিন বিশ্বাস (৩৫) নামে আরও দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুটি অভিযানে মোট ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক চারজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
অভিযান দুটি পরিচালনা করেন যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ও শিবু মণ্ডলের নেতৃত্বে পৃথক দল।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫