প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
যশোরে পৃথক হামলায় বৃদ্ধসহ আহত ২

আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় পূর্বশত্রুতার জেরে বদর উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। একই দিন যশোর শহরের চাঁচড়ায় বাড়ির সামনে চাকুর আঘাতে সবুর হোসেন (৪৮) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ও রাতে পৃথক এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বদর উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে। অভিযোগ অনুযায়ী, পূর্ববিরোধের জেরে একই গ্রামের ইমরান (২৯), সিপন (৪০), কবির (৪০)সহ আরও দুই-তিনজন তাঁকে কুড়াল, দা ও হাতুড়ি দিয়ে আঘাত করেন। একপর্যায়ে তাঁর বাম পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে, শনিবার রাত ৮টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল পশ্চিমপাড়ায় নিজের বাড়ির সামনে অবস্থানকালে সবুর হোসেনকে চাকু দিয়ে আঘাত করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তাঁর পিঠের পেছনের অংশ ও ডান উরুতে রক্তাক্ত জখম হয়। আহত সবুর হোসেন ওই এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫