
আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় ফেনসিডিল উদ্ধারের মামলায় আশিকুর রহমান (আশিক) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) যশোরের বিশেষ দায়রা জজ ও জেলা দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আশিকুর রহমান চৌগাছা উপজেলার বকসিপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৬ জুলাই চৌগাছা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) বজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চাঁদপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় এলাহী বক্সের বাড়ির সামনে মোটরসাইকেল থামিয়ে আশিকুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
মামলাটিতে দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।