
আহ্বান নিউজ:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গবেষণার মানোন্নয়ন, নৈতিকতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ও প্রশিক্ষক ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, নৈতিকতা ও সততা একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় গড়ে তোলার মূল ভিত্তি। গবেষক ও কর্মকর্তাদের প্রতিটি সিদ্ধান্তের ওপর বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি নির্ভর করে।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, গবেষণার সংখ্যা নয়, গুণগত মান ও নৈতিকতার ওপর গুরুত্ব দিতে হবে। অনৈতিক গবেষণার কারণে জার্নাল থেকে গবেষণাপত্র প্রত্যাহার হলে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মর্যাদাও ক্ষুণ্ন হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক অগ্রগতির জন্য সঠিক আর্থিক ব্যবস্থাপনা জরুরি। বাজেট সমন্বয়ের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, গবেষক ও দপ্তরপ্রধানেরা অংশ নেন।