প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু

আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নুরুল আলম (৬০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নুরুল আলম চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের রফিউদ্দীনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল দশটায় পঞ্চাশ মিনিটের দিকে তিনি চৌগাছা বাজারে ঝিকরগাছা সড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা-ট-১১-০১৯৩ নম্বরের একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক ও চালক শাহীনকে (৪৮) আটক করেন। পরে চৌগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫