প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

আহ্বান নিউজ:
উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬’ শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও গবেষণাগারের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত থাকা প্রয়োজন। ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বিভিন্ন বিভাগের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, খেলাধুলাকে ইতিবাচক ও আনন্দঘন পরিবেশে উপভোগ করতে হবে। জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নিয়ে খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখতে হবে। এ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের জন্য দক্ষ খেলোয়াড় বাছাই করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। বক্তব্য দেন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা ও শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫