
আহ্বান নিউজ:
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় মিঠুন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানার দাইতলা এলাকায় ভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিঠুন ও রমজান (৩০) রাস্তার পাশে আলম সাধু সার্ভিসিং করছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিঠুন নিহত হন। আহত রমজানকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে,একই দিন সন্ধ্যা ৭টার দিকে মনিহার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি রিকশাযোগে মনিহার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়লে ট্রাকের চাকা তাঁর ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তাঁর পায়ে হাড়ভাঙা জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিহত মিঠুনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাঁর লাশ ঘটনাস্থলে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রমজান মনিরামপুরের নিমতলী গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং আহত আব্দুল্লাহ মনিরামপুরের জমজমী গ্রামের রতন ঘোষের ছেলে।