প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক যশোরের মুসফিক

আহ্বান নিউজ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যশোরের সন্তান মুসফিক হাসান।
মুসফিক হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পর এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। এনসিপি গঠনের পর জাতীয় ছাত্রশক্তির সংগঠক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন মুসফিক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আবু বাকের মজুমদারকে সভাপতি ও তাহমীদ আল মুদাসসীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়।
এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসিব আল ইসলাম ও ফেরদৌস আইয়াম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জহির রায়হান রিপন।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে ভোট গ্রহণ, আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫