আহ্বান নিউজ:
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে ফিরেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।
প্রত্যাবাসন হওয়া দুইজন হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাদি মাঝিরা গ্রামের দুলাল মিয়ার মেয়ে রিয়া আকরাম মোল্লা (২০) এবং খুলনার ফুলতলা উপজেলার জুগমিপাশ গ্রামের মোহাম্মদ খায়ের শেখের মেয়ে রিমা আক্তার (২৩)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
রিয়া আকরাম মোল্লা ২০২৫ সালের এপ্রিল মাসে দালালের মাধ্যমে রাতের আঁধারে অবৈধভাবে ভারতে যান। পরে মহারাষ্ট্রের আদিত্য লজ এলাকায় একটি পার্লারে প্রায় এক বছর কাজ করেন। ২০২৬ সালের এপ্রিল মাসে মহারাষ্ট্র পুলিশ তাকে আটক করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মহারাষ্ট্রের মন্ডুয়া গার্লস হোমে রাখা হয়। সেখানে প্রায় পাঁচ মাস অবস্থানের পর তিনি দেশে ফেরেন।
অপরদিকে, রিমা আক্তার ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি দালালের মাধ্যমে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে একটি পার্লারে প্রায় এক মাস কাজ করেন। পরে মহারাষ্ট্রে গিয়ে একটি হোটেলে প্রায় ১০ মাস কাজ করেন। গত ২০ আগস্ট মহারাষ্ট্র পুলিশ তাকে আটক করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মহারাষ্ট্রের মন্ডুরা গার্লস হোমে রাখা হয়।
সোমবার বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।