
আহবান নিউজ :
যশোরের মনিরামপুরে মাদক সেবনের দায়ে মুকুল হোসেন (৩৫) নামে এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে মাদক সেবন অবস্থায় মুকুল হোসেনকে আটক করে মনিরামপুর থানা-পুলিশ। তিনি উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মুকুল হোসেনকে দোষী সাব্যস্ত করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাজাপ্রাপ্ত মুকুল হোসেনকে পুলিশ পাহারায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।