
আহবান নিউজ :
যশোরের ঝিকরগাছা ও শার্শায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় কফ সিরাপসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মৃত ওসমান আলীর মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. আলমঙ্গীর মোল্যা (৩০) নামে এক যুবককে আটক করা হয়। জেলা ডিবির এসআই সামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আলমঙ্গীর মোল্যা রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মো. ছলেমান মোল্যার ছেলে।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে রেজাউল হক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ডিবির এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল রেজাউল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৮০ বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় ESKUF কফ সিরাপ উদ্ধার করে। রেজাউল হক ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, পৃথক ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।