
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ৫ আগস্ট (বুধবার) সকালে নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
এ উপলক্ষে স্মৃতিস্তম্ভে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংলগ্ন সড়কের প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে।
আজ (সোমবার) জেলা প্রশাসন থেকে জানানো হয়, দিবসটির তাৎপর্য তুলে ধরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সুবিধাজনক সময়ে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, জীবিত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এছাড়া শহীদদের আত্মত্যাগ সম্পর্কে তরুণদের পরিচয় করানোর লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অথবা উপযোগী কর্মসূচি গ্রহণ, শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন, হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে প্রীতিভোজের আয়োজন, ডিসি পার্ক, শিশু পার্ক, জিয়া স্মৃতি জাদুঘর ও চিড়িয়াখানাসহ সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান সকাল-সন্ধ্যা শিশুদের জন্য উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়াও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জুলাই স্মৃতিস্তম্ভসমূহে আলোকসজ্জা করা হবে। পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিত করা হবে।
সুত্র : বাসস