
আহবান নিউজ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ কাজে লাগিয়ে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি ভালো বন্ধু নির্বাচন, দায়িত্বশীল আচরণ এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার জন্য সর্বোচ্চ সহায়তা প্রদান করবে বলেও আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, দেশের সাধারণ মানুষের করের অর্থে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের প্রতি সেই ঋণ পরিশোধ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ও ক্যাম্পাস পরিদর্শন করেন এবং স্মরণীয় প্রথম দিনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দী করেন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা অনুষ্ঠান পরিচালনা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।