প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
আহবান নিউজ :
যশোরে রুবেল হোসেন নামে (৩৬) এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার তেল পাম্পের পাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত রুবেল বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও তেলি ধান্যপাড়া গ্রামের মোনতাজ সরদারের ছেলে।
নিহতের ভাই রাজিব হোসেনসহ স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা জানান,রুবেল একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি চালক। সোমবার সকালে সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি ফেরেন এবং খাজুরা বাজারে সেলুনে যান। সেলুন থেকে বের হলে একই গ্রামের আব্দুর রউফের ছেলে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় রাব্বির সাথে আরো কয়েকজন ছিল।
নিহতের ভাই দাবি করেন,পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেলের বুকে, পিঠে ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিসমোতারা বেগম জানান, রুবেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে।
যশোরের বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জামাল বলেন হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আসামি আটকের বিষয়ে পুলিশ কাজ করছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫